নির্বাচনে জয়ী হলেও সামনে বড় চ্যালেঞ্জ: তারেক রহমান

তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত আগের সরকারের আমলে লুটপাট হওয়া দেশকে মেরামতের অঙ্গীকার রয়েছে তার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন।

তারেক রহমান বলেছেন, আগামী বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম অগ্রাধিকার হবে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা; যাতে ২০২৪ সালে তরুণদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন উৎখাতের পর দেশকে গ্রাস করা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটে।

তিনি বলেছেন, ‘‘আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, যাতে মানুষ নিরাপদ থাকেন।’’ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ১৭ কোটি মানুষের দক্ষিণ এশীয় এই দেশের সামনের কাজ হবে অত্যন্ত কঠিন।

ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে সাধারণ নাগরিকদেরকে অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। গত শাসনামলে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়েছে, জ্বালানি খাত ধ্বংস হয়েছে।’’

ভোটে এগিয়ে থাকলেও দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের কাছে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তারেক রহমানের বিএনপি। নিজ কার্যালয়ে তার প্রয়াত বাবা-মা, বাংলাদেশের সাবেক নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সোনালি ফ্রেমে বাঁধানো প্রতিকৃতি ঝুলছে। সেখানে বসে মৃদুভাষী বিএনপির এই নেতা এএফপিকে বলেছেন, তিনি নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘‘আমরা আশা করছি জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ম্যান্ডেট পাব—একটি বড় ম্যান্ডেট।’’ বর্তমান তার দলের জোটের বাইরে কোনও জোটের প্রয়োজন দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, ‘‘নিজেদের সরকার গঠনের মতো আমরা পর্যাপ্ত আসন পাবো।’’