বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন বিতর্কের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। ইউনিয়ন দুটিতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হতে পারে।
তিনি আরও বলেন, ইউএনও আবার গণশুনানি করবেন। ওই দিন স্থানীয় জনগণ উপস্থিত থাকবেন। গণশুনানির মাধ্যমে যে নাম প্রস্তাবিত হবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।
এর আগে, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় মীরবাড়ী। অন্যদিকে, মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। নতুন চার ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ী। পাশাপাশি তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।











