ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে আয়োজিত স্থানীয় জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতের নেতা–কর্মীদের সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। দায়িত্বশীলতা, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপসহীন ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল প্রমুখ।









