রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস নামে এক মেডিকেল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিন দিন ধরে পরিবারের সদস্যরা ফারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানানো হলে শুক্রবার বিকেলে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেন্সিক মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
জানা গেছে, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল থেকে সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। এরপর উচ্চতর ডিগ্রির পড়াশোনার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।












