‘নারীদের খারাপ মন্তব্য করে আইডি হ্যাকের মিথ্যাচার করছে জামায়াত’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের নিয়ে খারাপ মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়ে জামায়াত এখন আইডি হ্যাকের মিথ্যা কথা বলছে। তারা মিথ্যাবাদি। এই দলটির নেতারা একাত্তরেও নারীদের অসম্মান করেছিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দলের প্রধান নেতা নারীদের নিয়ে খারাপ মন্তব্য করছেন। নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে তারা নাকি ইসলাম কায়েম করবে।

তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন তাদের (জামায়াত আমির ডা. শফিকুর রহমান) আইডি হ্যাক হয়নি। সমালোচনার মুখে পড়ে তিনি এবং তার দল আইডি হ্যাক হওয়ার মিথ্যাচার ছড়াচ্ছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী। নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।