৩৯১ দিন পর কারামুক্ত আইভী, সরকারকে ধন্যবাদ

জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার ১২ মামলায় ৩৯১ দিন কারাভোগের পর অবশেষে জামিনে কারামুক্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাড়ি ‘চুনকা কুটিরে’ আসেন।

পরে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে সরকারকে ‘ধন্যবাদ’ দিয়ে তিন বারের সাবেক মেয়র আইভী বলেন, “আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবে।” এসময় তিনি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার সময় আইভী উচ্চ আদালত থেকে জামিন পান। তিনি একদিকে জামিন পাচ্ছিলেন, আরেকদিকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছিল।

অবশেষে সব মামলায় জামিনের প্রক্রিয়া শেষে এদিন রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটির সাবেক এই মেয়র। সেখান থেকে গাড়িতে সরাসরি চলে যান নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে। সেখানে বাবা, মা ও ছোটভাইয়ের কবর জিয়ারত করেন।

রাতে চুনকা কুটিরে বাড়িতে ঢুকলে আইভীকে দেখে তার স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে দেখতে এ সময় বাড়ির বাইরে এলাকাবাসীও ভিড় করেন।

Share this news as a Photo Card

০৪ জুন ২০২৬

৩৯১ দিন পর কারামুক্ত আইভী, সরকারকে ধন্যবাদ

www.purboposhchim.com |
fb.com/purboposhchim