
১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরুর পর এবারই ব্রিটেনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম। দেশটিতে এরই মধ্যে পাঁচটি তাপপ্রবাহ বয়ে গেছে। তীব্র গরমের পাশাপাশি দীর্ঘস্থায়ী বৃষ্টিহীনতায় বিপর্যস্ত হয়েছে বিভিন্ন অঞ্চল।
সরকারি তথ্য বলছে, খরাকবলিত এলাকায় বসবাস করছেন প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ। পানি ব্যবহারে বিধিনিষেধের মুখে পড়েছেন আরও ২ কোটি ৭০ লাখ মানুষ। ইংল্যান্ডে জুন ছিল ইতিহাসের উষ্ণতম জুন, আর জুলাই ছিল দ্বিতীয় উষ্ণতম। অন্যদিকে, ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এবং পুরো ওয়েলস জুড়েই দেখা দিয়েছে খরা।
ব্রিটেনের আবহাওয়া দফতরের বিশ্লেষণ বলছে, মানব কর্মকাণ্ড থেকে তৈরি গ্রিনহাউস গ্যাসের কারণে এমন রেকর্ড তাপমাত্রার সম্ভাবনা বেড়েছে ১৩০ গুণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ আরও তীব্র হবে এবং আগের রেকর্ড ভাঙার ঘটনাও বাড়তে থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্রিটেনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মের জন্য দেশটির অনেক ঘরবাড়ি ও অবকাঠামো এখনো উপযোগী নয়।








