
বিপিএল ফিক্সিং কাণ্ডে বুলবুলের বোর্ডের পরিচালকসহ তিনজনকে নিষিদ্ধ করল বিসিবি। অ্যালেক্স মার্শালের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান শামীম, সাবেক নিরাপত্তা কর্মকর্তা জাকির হোসেন এবং বগুড়ার সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছে বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে নিজেদের পক্ষে সাফাই দিতে পারবেন অভিযুক্তরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই এক বিপিএল, শেষ কবে ভালো খবরের জন্য আলোচনায় এসেছে তা হয়তো মনে করাটা এখন প্রায় অসম্ভব। অস্ট্রেলিয়া সিরিজের পর যখন মাঠের ক্রিকেট আলোড়ন তোলার কথা, ঠিক তখনই আবারও ব্যাকফুটে দেশের ক্রিকেট। বিপিএলের ১২তম আসরে ফিক্সিংয়ের যে কালো মেঘ জমেছিল, তা এখন বৃষ্টি হয়ে গড়াল খোদ বিসিবির দরজাতেই।
দীর্ঘ অনুসন্ধান শেষে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আনল এক নজিরবিহীন অভিযোগ। আইসিসির অ্যান্টি করাপশন কোড ভাঙার দায়ে সরাসরি অভিযুক্ত করা হলো আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সাবেক পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান শামীমকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের ফল এবং গতিপথ অবৈধভাবে প্রভাবিত করা। অন্যকে অনৈতিক কাজে প্ররোচিত করা, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করা এবং তথ্যপ্রমাণ নষ্ট করে তদন্তে বাধা দেওয়া।
সাবেক বোর্ড পরিচালকের সঙ্গে আছেন আরও দুজন। একজন শামীমের খুবই কাছের লোক অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। তিনি বিসিবির বগুড়া জেলার সাবেক কাউন্সিলর এবং বাংলাদেশ নাগরিক পার্টি, এনসিপির সহসাংগঠনিক সম্পাদক। তিনি মূলত ফেঁসেছেন প্রস্তাব পেয়েও তা গোপন করা এবং তদন্তে সাহায্য না করার কারণে।
আর একজন বিসিবির দীর্ঘদিনের নিরাপত্তা কর্মকর্তা এবং বিপিএল ১২তম আসরে নিরাপত্তা লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করা জাকির হোসেন। তাঁর বিরুদ্ধেও অভিযোগ তিনি তদন্তে সাহায্য করেননি বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটকে। শুধু তাই নয়, ফিক্সিং এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হতে অন্যদের প্রত্যক্ষভাবে প্রস্তাব দেওয়া এবং প্ররোচিত করেছেন বলেও অভিযোগ জাকিরের বিরুদ্ধে।
প্রাথমিক অবস্থায় তাদের সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের তিনজনের বিরুদ্ধেই অভিযোগপত্রও গঠন করেছে তারা। তবে, এখনই চূড়ান্ত রায় দেবে না বিসিবি। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে অভিযুক্তদের। এর মধ্যে আত্মপক্ষ সমর্থন করতে পারবেন তারা।








