সেপ্টেম্বরের মতো অক্টোবরেও প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি মাসের প্রথম ১২ দিনে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৮৩৯ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, অক্টোবরের প্রথম ১২ দিনে রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার। তবে এ সময়ের মধ্যে ১১ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
অক্টোবরে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৮ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স আসছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮৬ কোটি টাকা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ছাড়াবে আড়াই বিলিয়ন ডলার।
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি। চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। এ ছাড়া জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এর আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠান প্রবাসীরা।













