কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে তিনি শহিদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় গাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান বাজানো হয় এবং শহিদ মিনারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

রাষ্ট্রপতির পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও পৃথকভাবে শ্রদ্ধা জানান।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও শহিদ মিনারে যোগ দেন, পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার পরিণত হয় শ্রদ্ধা, স্মরণ ও আবেগের মিলনমেলায়।