বন্দরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লাকি বেগম (৪২)। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।লাকি বেগম ওই এলাকার আলিম মিয়ার মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে পূর্ব হাজীপুরেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্ব হাজীপুর এলাকায় রিপন মিয়ার একতলা ভবনের দক্ষিণ পাশের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন লাকি বেগম। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।