Article featured media

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিদর্শনের ওই ভিডিও প্রকাশ করলে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। গত মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

ভাইরাল ভিডিওটিতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, বাথরুমগুলোর জঘন্য অবস্থা, দুর্গন্ধ বের হচ্ছে। একেক ফ্লোরে ছয়টি বাথরুম থাকলেও পাঁচটি অকেজো। টাইলসগুলো অপরিষ্কার, ফ্যানগুলো নোংরা। এটা তেমন কিছু না, শুধু পরিষ্কার করা দরকার। এমন অবস্থা হলে রোগীরা কিভাবে এগুলো ব্যবহার করবেন? ট্রিটমেন্ট পরে, আগে অন্তত বাথরুম এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

ভিডিওতে হাসপাতালের বাথরুম ও চারপাশের নোংরা পরিবেশ দেখে মন্ত্রীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ চেপে রাখতে না পেরে কৃষিমন্ত্রী দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘দ্রুত সুইপার ও হারপিক নিয়ে আসেন আমি নিজেই পরিষ্কার করবো। এত সুন্দর অফিসে বসে মিটিং করেন, অথচ বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী।’

এ সময় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোড়জোড় শুরু হয় এবং তারা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।