জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে ১২ ঘণ্টা পরে জিডি কেন?

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো এমন প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি।

মাহদী আমিন বলেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে তাহলে তা সাথে সাথেই জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো।

এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, এটি (জামায়াত আমিরের এক্স পোস্ট) নারী বিদ্বেষী, সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন,জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলেছে। এমনকি তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে।

তারা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।

নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।