অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানের ও তার স্ত্রী সায়রা রহমান খানের বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাধিকার সূত্রে গৃহসম্পত্তি ও কৃষি সম্পত্তি প্রাপ্ত হওয়ায় আদিলুর রহমানের নন-ফাইনান্সিয়াল সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এমনকি সম্পদ বৃদ্ধিতে তিনি প্রধান উপদেষ্টাকেও ছাড়িয়ে গেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়। সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ বিবরণী প্রকাশ হয়।
উপদেষ্টা আদিলুর রহমানের সম্পদ বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুনে তার আর্থিক সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার সতেরশ সাত টাকা, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদের পরিমাণ ১ কোটি ১০ দশলক্ষ ২৭ হাজার ২৬৯
একই সময় তার নন-ফাইনান্সিয়াল সম্পদ ছিল ১ লক্ষ পাঁচহাজার টাকা, যা ২০২৫ সালের জুনে হয় ১কোটি ৪২ লক্ষ ৭২ হাজার টাকা।
উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার আগে আদিলুর রহমানের মোট পরিসম্পদের পরিমাণ ছিল ৯৮ হাজার ২২শ সাত টাকা। ২০২৫ সালের জুনে তার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৫২ লক্ষ ৯৯হাজার ২৬৯ টাকা। ২৪ এর জুনে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ছিল ১ কোটি ৫৫ হাজার টাকা যার ২০২৫ সালের জুন পর্যন্ত পরিবর্তন হয়নি।
আদিলুর রহমানের স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ বিবরণীতে ২৪ সালের জুনে আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ৮৭ লক্ষ ৯২হাজার ৩১৪ টাকা। যা ২৫ সালের জুনে বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৫৩ লক্ষ ১১ হাজার ২৮৫ টাকা হয়।
একইভাবে অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ৩১ লক্ষ ৪৭ হাজার যা ২০২৫ সালের জুনে কমে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকায় দাঁড়ায়।
সম্পদ বিবরণীতে উপদেষ্টা আদিলুর রহমান ও তার স্ত্রীর উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে।













