Article featured media

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে প্রতিমন্ত্রীও আহত হন।

শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, তিনি কানে শুনতে পেতেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর স্ত্রীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।