Article featured media

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে ওসিসহ পুলিশের ছয় সদস্য আহত হন। পরে বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান ওয়াকিল।

গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে ওয়াকিল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলশী থানায় একটি মামলা করেন, যেখানে ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমের সরকারি মোবাইল নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও পেটানোর হুমকি দেন ওয়াকিল হোসেন। এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এরপর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে তার বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ওসি মোহাম্মদ আবদুর রহিম ও তার দেহরক্ষীসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি সরকারি গাড়িও।

পুলিশ আরও জানায়, হামলার একপর্যায়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান ওয়াকিল হোসেন।

ওসি মোহাম্মদ আবদুর রহিম সংবাদমাধ্যমকে বলেন, "মামলা নেওয়ার পর বৃহস্পতিবার রাতে আমার সরকারি নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও পেটানোর হুমকি দেওয়া হয়। তবে আমি এসব হুমকিতে ভয় পাই না। জনগণের জানমাল রক্ষায় সব সময় সচেষ্ট থাকব।"

ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।