Article featured media

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক কোনো হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ি হুড।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

জোয়ি হুড বলেন, নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অতীত ইতিহাস ইরানের রয়েছে, যা সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের আমল থেকে চলে আসছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তাই এই নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি করার পরিস্থিতি তৈরি করাকে ইরান নিজেদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না উল্লেখ করে সাবেক এই কূটনীতিক জানান, দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর চমকপ্রদ কোনো উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

এক্ষেত্রে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে বলে মত দেন জোয়ি হুড। তিনি বলেন, চুক্তিবদ্ধ দেশগুলো যদি তাদের নৌবাহিনী নিয়ে উপসাগর ও উত্তর আরব সাগরে অবস্থান নেয় এবং হরমুজ প্রণালিতে নজরদারির ঘোষণা দেয়, তবে বাণিজ্যিক জাহাজে হামলার শঙ্কা দূর হবে। এতে করে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের আর কোনো প্রয়োজন হবে না।