নারায়ণগঞ্জে কারাগার থেকে ভোট দেবেন ৭২ বন্দি

কারাগার

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মধ্যে ৭২ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পাঁচজন নারী এবং বাকিরা পুরুষ ভোটার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কারাগারের ভেতর স্থাপিত তিনটি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে পরবর্তী তিনদিন চলবে।

জেলার মো. ফেরদৌস মিঞা বলেন, এ কারাগারে ১ হাজার ৭৭৩ জন কারাবন্দি আছেন। তাদের মধ্যে ৯২ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে ৭২ জনের ব্যালট পৌঁছালেও বাকি ২০ জনের ব্যালট এখনো পৌঁছায়নি। ফলে, যাদের ব্যালট পৌঁছেছে তাদের জন্য তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে।

“বাকি ২০টি ব্যালট পৌঁছালে কমিশনের নির্দেশনা মোতাবেক তাদের ভোট পরে গ্রহণ করা হবে”, যোগ করেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার।