প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করার নির্দেশ এমপি দিপুর

নারায়ণগঞ্জে রূপগঞ্জের কোনো ফামেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করার নির্দেশ দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রূপগঞ্জের গোলাকান্দাইলে নিজ বাড়িতে ভুলতা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে এমন নির্দেশ দেন।

এমপি দিপু ভূঁইয়া বলেন, সবাই ড্রাগ লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা করবেন। দীর্ঘদিন ধরে অনেক ফার্মেসিতে নেশা জাতীয় বিভিন্ন ট্যাবলেট ও সিরাপ বিক্রি হচ্ছে। যার ফলে যুবসমাজ ধ্বংস হচ্ছে। এগুলো বিক্রি করা যাবে না।

এসময় তিনি ফার্মেসিতে নিম্নমানের ওষুধ না রাখারও কথা বলেন। কেউ নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়ারও কথা বলেন এমপি দিপু।