নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাউসার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাউসার জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, শুক্রবার বিকেলে কাউসার নিজেদের পাকা বাড়ির কাজ তদরকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।












