বরপায় পানিবন্দি ১০ হাজার মানুষ

রূপগঞ্জের বরপার ৬ গ্রামের অন্তত দশ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় অসহায় জীবনযাপন করছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামগুলোর অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরপা এলাকার বাদামতলা, উত্তর দরগাবাড়ী, গোয়ালবাড়ী, বারগাঁও কবরস্থান, সূতালাড়া, যাত্রামুড়া গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে। সড়কে পানি জমে থাকার কারণে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনাও। পানিবন্দি অবস্থার কারণে অনেক শিশু বিদ্যালয়েও যেতে পারছে না।  

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ ড্রেজারে বালু দিয়ে অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ভরাটের কারণে কোথাও পানি নামতে পারছে না। অবৈধভাবে খাল ভরাট করে দোকান করায় ছোট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা।  ফলে জলাবদ্ধতা দীর্ঘ হচ্ছে। গত ২০ দিন ধরে কবরস্থানে যাওয়ার রাস্তা ডুবে আছে। ফলে কেউ মারা গেলে লাশ দাফন করাও কষ্টকর।

এছাড়া দীর্ঘদিন পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বাড়ছে। একইসঙ্গে ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাসহ দ্রুত খালগুলোর অবৈধ দখল উচ্ছেদের দাবি স্থানীয়দের।