Article featured media

আদালতের নির্দেশের পরও ‘জনতার বাজার-১’ বন্ধ করে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা রিটের শুনানি শেষে বাজারটি খুলে দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) মাননীয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনতার বাজার-১-এর তালা অবিলম্বে খুলে দিতে এবং আদেশের কপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, “The authority concerned are directed to unlock the bazaar in question immediately and reconnect the electricity line positively within 24 (twenty four) hours from the date of receipt of a copy of this Order.”

এর আগে গত ১ সেপ্টেম্বর দেওয়া আদালতের আদেশে জনতার বাজার-১-এর দখল ও অবস্থানের বিষয়ে status quo বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আবেদনকারীর পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ওই আদেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ সেপ্টেম্বর বাজারটি তালাবদ্ধ করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে বাজারের ভেতরে থাকা বিপুল পরিমাণ পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে আদালতকে জানানো হয়।

শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী আদালতের আগের নির্দেশ অমান্য করে বাজার বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার বিষয়টি তুলে ধরেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীও আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগের কথা জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বাজার খুলে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের বিষয়ে তাৎক্ষণিক এই নির্দেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে জনতার বাজার-১ পুনরায় চালুর পথ তৈরি হলো। একই সঙ্গে আদালতের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী বাজারটির দখল ও অবস্থানসংক্রান্ত status quo বজায় রাখার বিষয়টিও বহাল রয়েছে।