রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজহার উদ্দিন (৫৫) কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। তিনি নরাবো এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আলোচনা চলাকালে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে রাজিব ও তার সহযোগী হাসানসহ কয়েকজন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, সিনিয়র সহসভাপতি আজহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’