নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করেছে অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকম’। মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে বিবাদী করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন।
অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ‘নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকম’ ভোটারদের মাঝে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের একটি ভিডিও প্রকাশ করে। এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তাকে দেড় লাখ টাকা জরিমানাও করেন। কিন্তু পরবর্তীতে আসামিদের পরিচালিত ফ্যান পেজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। পরে মানহানিকর ভিডিওটি ডিলিট করা হলে আরেকটি ফ্যান ফেসবুক পেজে এখনও রয়ে গেছে।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটির এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।












