Article featured media

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্টের সঙ্গে বিদ্যুৎ বিভাগ, সিটি করপোরেশনের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনুমানিক ৫০-৮০ লাখ তিন চাকার অটোরিকশা বাহন মোট বিদ্যুতের ৫ শতাংশ ব্যয়ে চার্জ হয়ে থাকে। বিপুল এই চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্ট মাত্র ৩ হাজার ৩০০টি। অন্যদিকে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অবৈধ ও অননুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে। ফলে জাতীয় গ্রিড এবং স্থানীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। অটোরিকশার এই অবৈধ চার্জিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিভাগ, সিটি করপোরেশনের লোকজন জড়িত। তাদের অবশ্যই ইমানদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত এবং ১৪ হাজার ৮১২ জন আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে ব্যাটারিচালিত যানবাহনই ১৩.৫৪ শতাংশ। এ জন্য রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এটি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। অটোরিকশা চলাচলকে সুশৃঙ্খল করতে সরকার নীতিমালা প্রণয়ন করছে। নীতিমালা হলে অটোরিকশা এবং চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে।

বিরোধী দলের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, জ্বালানী সংকট নিয়ে লংমার্চ না করে সংসদে আলোচনা করলে ভালো হতো। সংকট মোকাবিলা এবং উত্তরণে ছয় মাসের মধ্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটাকেই বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’। যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, জ্বালানী ব্যবস্থা পেয়েছি সেটাকে ছয় মাসে সরকার ঠিক করে ফেলবে বিরোধী দলের এমন প্রত্যাশা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আল-আমিন বিরোধী দলকে সবরে জামিল প্রদান করবেন এটাই প্রার্থনা করি।