
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর ছাড় এবং নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য বৃদ্ধিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগামী ৬ মাসের (১৮০ দিন) জন্য বিশেষ শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটিসহ সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাওয়া যাবে। সরকারের লক্ষ্য, দ্রুততম সময়ে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে জনদুর্ভোগ লাঘব করা এবং শিল্প উৎপাদন ও বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করা।
এছাড়া নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য ও রাজস্ব ঘাটতি কমাতে এর দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য (প্রতি ১০ শলাকা) ‘৬২ টাকা বা তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা বা তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি এদিন মন্ত্রিসভা বৈঠকে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১০ বছর মেয়াদি এই চুক্তির ফলে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর ত্বরান্বিত হবে। চুক্তিতে স্বাক্ষরের ৩ বছর পর উভয় পক্ষের সম্মতিতে এটি সংশোধনের বিধান রাখা হয়েছে।









